
তারুণ্যের অনুপ্রেরণায় পাঠাগার জলসিঁড়ি – আমাদের সময়
- Posted by Jalshiri Pathkendro
- Date 28/03/2022
- Comments 0 comment
পাহাড়ের কূলঘেঁষে বয়ে চলা প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য প্রতীক সুমেশ্বরী নদী। পাহাড়, নদী আর আবহমান বাংলার শান্ত-সৌম্য, সবুজ-শ্যামল রূপ নিয়ে গাভিনা। বন, পাহাড় ও নদীর সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রিয় মানুষকে। বলছি নেত্রকোনা জেলার বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামের কথা। সেই গ্রামের উদ্যোমী যুবকের নাম দীপক সরকার। প্রকৃতির অপরূপ লীলাভূমি দুর্গাপুরের মাটি ও মানুষের রূপ, রস ও গন্ধ তাকে করেছে মুগ্ধ। সেখানের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের ইতিহাস বেশ পুরনো এবং তা অনুপ্রেরণা জোগানোর মতো। ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি দুর্গাপুরের মাটি ও মানুষের প্রতি দায় থেকে ছোটবেলা থেকেই লেখালেখি শুরু দীপক সরকারের। তবে পড়ার চেয়ে তার লেখার ঝোঁক বেশি। পাঠাগার এবং পাঠাগারের বইয়ের দিকে চোখ বুলাতে বুলাতে নিজেই তৈরি করেন একটি পাঠাগার। নাম ‘জলসিঁড়ি পাঠাগার’, যা বর্তমানে নেত্রকোনার সীমানা পেরিয়ে পুরো দেশে অনুপ্রেরণা সৃষ্টি করছে। পাঠাগারটির ইতিহাস থেকে জানা যায়, ২০০২ সাল থেকে এলাকার আরও কয়েক তরুণ মিলে জলসিঁড়ি অধ্যয়নসভা নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণের কাশবনে নির্মিত রামসুন্দর পাঠাগারের অনুপ্রেরণায় ২০১২ সালে জলসিঁড়ি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই পাঠাগারে বর্তমানে প্রায় ৩ হাজারের বেশি বই রয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী মিলে প্রতিদিন শতাধিক পাঠকের সমাগম ঘটে পাঠাগারটিতে। পাঠাগারটি প্রতিষ্ঠার বছর থেকে প্রতিবছর দেশের বরেণ্য লেখক, সাংবাদিক, গবেষক, কবি, সাহিত্যিক, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও চিকিৎসককে সম্মাননা দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জলসিঁড়ি সম্মাননা দেওয়া হয়েছে।পাঠাগারে বই ছাড়াও রয়েছে ভাস্কর্য; রয়েছে আর্ট গ্যালারি, রয়েছে গান ও গানের যাত্রানুসঙ্গ। সম্প্রতি সেলুনে সেলুনে বইয়ের তাক বসিয়ে জলসিঁড়ি বেশ আলোচনার সৃষ্টি করেছে। সব মিলে এক অনাবিল আনন্দপাঠ সৃষ্টি করেছে জলসিঁড়ি। চমৎকার এই উদ্যোগের জন্য দৈনিক আমাদের সময় দীপক সরকারকে সম্মাননা প্রদান করছে।
আমাদের সময় – ২৮ মার্চ ২০২২ তারুণ্যের অনুপ্রেরণায় পাঠাগার জলসিঁড়ি
Tag:আমাদের সময়, জলসিঁড়ি



