Preaload Image
Back

দুর্গাপুরে ‘জলসিঁড়ি সম্মাননা’ পেলেন তিন গুণী সাহিত্যিক – দৈনিক তৃতীয় মাত্রা

নেত্রকোণার দুর্গাপুরে ‘জলসিঁড়ি পাঠাগার’-এর আয়োজনে সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণীজনকে ‘জলসিঁড়ি সম্মাননা’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাভিনা গ্রামে পাঠাগার চত্বরে আয়োজিত বার্ষিক অধ্যয়ন সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।

জলসিঁড়ি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি বলেন, “বই হচ্ছে আলোকিত ও মানবিক মানুষ গড়ার অন্যতম প্রধান মাধ্যম। একটি সমৃদ্ধ পাঠাগার সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। দুর্গম অঞ্চলের জলসিঁড়ি পাঠাগার সেই গুরুত্বপূর্ণ কাজটিই করে যাচ্ছে।” তিনি আরও জানান, পাঠাগারটির উন্নয়নে জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের কবি, সাহিত্যিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন।

অনুষ্ঠানে জলসিঁড়ি পাঠাগারে ‘নজরুল অধ্যয়ন কেন্দ্র’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি।

এবারের জলসিঁড়ি সম্মাননায় ভূষিত হয়েছেন—কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন (ঢাকা), কবি তানভীর জাহান চৌধুরী (নেত্রকোণা) এবং কবি লোকান্ত শাওন (দুর্গাপুর)।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে জলসিঁড়ি পাঠাগার শিশু-কিশোরদের আত্মজাগরণে পাঠাভ্যাস কর্মসূচি পরিচালনার পাশাপাশি দেশের লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের সম্মাননা জানিয়ে আসছে।
নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি- দৈনিক তৃতীয় মাত্রা ১৬ মে ২০২৫ইং
দুর্গাপুরে ‘জলসিঁড়ি সম্মাননা’ পেলেন তিন গুণী সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *